সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আঞ্চলিক স্থিতিশীলতা, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে। সংঘাতের কারণে বাংলাদেশের প্রবাসী কর্মী, রেমিট্যান্স, বাণিজ্যিক নৌপরিবহন এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাব নিয়ে ঢাকার উদ্বেগের কথা জানানো হয়।
বৈঠকের পর নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ৮০ লাখ কর্মী রয়েছেন। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে তাদের নিরাপত্তা ও রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে—এ বিষয়টি বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে দেখছে।
তিনি জানান, হরমুজ প্রণালিতে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ও কনটেইনার আটকে থাকার বিষয়টিও বৈঠকে উত্থাপন করা হয়েছে। সংঘাতের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যাতে এসব জাহাজ নিরাপদে চলাচল করতে পারে, সে বিষয়ে ইরানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এসব উদ্বেগ ও অনুরোধ ইরানের প্রেসিডেন্টের কাছে তুলে ধরলে তিনি বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রয়োজন হলে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংলাপের সুযোগ তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে বলেও তিনি জানান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-ও জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।