জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১০০

Share

সাইফুল ইসলাম. নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডনসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। তাঁর নিউইয়র্ক সফর ও জাতিসংঘে বক্তব্যকে কেন্দ্র করে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসপ্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে রয়েছেন। নিউইয়র্ক টাইমস পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, মিডটাউন ম্যানহাটনে বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে আটক করা হয়।

‘জিউইশ ভয়েস ফর পিস’ নামে একটি ইহুদি অধিকার সংগঠন বিক্ষোভটির আয়োজন করে। সংগঠনটি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেয়। প্রায় ২০০ মানুষ জাতিসংঘ সদর দপ্তরের বাইরে জড়ো হন। তাঁদের অনেকের পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট, যাতে লেখা ছিল—‘বোমা নয়, মানুষের জন্য অর্থ দাও’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফিলিস্তিন মুক্ত করো’।

বিক্ষোভকারীদের একটি অংশ সড়কে বসে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ লাউডস্পিকারে তাঁদের সরে যাওয়ার নির্দেশ দেয়। কয়েকজন ফুটপাতে চলে গেলেও একটি দল রাস্তায় অবস্থান ধরে রাখে এবং নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকে।

পরে সাইকেলে করে আসা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ঘিরে ফেলেন। একে একে তাঁদের সরিয়ে নিয়ে হাত পেছনে প্লাস্টিকের ‘জিপ টাই’ দিয়ে বেঁধে পুলিশের বাসে তোলা হয়। এ সময় বাইরে থাকা অন্য বিক্ষোভকারীরা নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকেন।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তব্যের সময়ও প্রতিবাদ দেখা যায়। তিনি মঞ্চে ওঠার পর বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একটি অংশ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় কিছু প্রতিনিধি তাঁর উদ্দেশে দুয়ো দেন। তবে ইসরায়েলি প্রতিনিধিদল দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানায় এবং করতালি দেয়।

নেতানিয়াহু তাঁর ভাষণে গাজা যুদ্ধসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে ঘিরে সমালোচনা ও চাপের মধ্যে তাঁর এই বক্তব্য আসে।

Related Articles

পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষের পদায়ন বাতিল, অভিযোগের তীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতনের দিকে

সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ২০১৮ সালে সরকারি হওয়ার পর থেকেই নেত্রকোনার পূর্বধলা...

জাতিসংঘে ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

সাইফুল ইসলাম. নিজস্ব প্রতিবেদক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান ও...

বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ যাবে মেক্সিকোতে

Shimul Islam, Multimedia Reporter 2026/09/25 at 12:25 pm দেশে তৈরি হোন্ডা মোটরসাইকেল...

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

শিমুল ইসলাম, মাল্টিমিডিয়া রিপোর্টার কানাডার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র টরন্টো শহর এখন পুরো বিশ্বচলচ্চিত্রের...