‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া — এই মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, “মাননীয় মন্ত্রী, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংজ্ঞা, সেখানে…ওয়াইডস্প্রেড, পূর্বপরিকল্পিত এ ধরনের যে কাজগুলো হয়, পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড হয়, সেগুলো মানবতাবিরোধী অপরাধ। ৫ আগস্ট পর্যন্ত আপনারা দায়মুক্তি দিয়েছেন। ৫ আগস্টের পরে যে মবগুলো হয়েছে, সেগুলোও একধরনের সিস্টেমেটিক ওয়েতে (পদ্ধতিগতভাবে) হয়েছে এবং ওয়াইডস্প্রেড (ব্যাপক মাত্রায়) হয়েছে। এগুলোও কি ভবিষ্যতে তদন্ত করে ট্রাইব্যুনালে বিচার করা যাবে কি না?”
এর জবাবে আইনমন্ত্রী বলেন, “মব ইজ নট সিস্টেমেটিক অর ওয়াইডস্প্রেড (মব পদ্ধতিগত বা ব্যাপক মাত্রার নয়)। মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল (মব জনগণের প্রতিক্রিয়া)। এবং সেটা যদি অর্ডিনারি ক্রাইমের (সাধারণ অপরাধ) মধ্যে পড়ে, সেটা অর্ডিনারি আইন অনুসারে দেখা হবে। আপনি যদি সেই বিচার করতে যান অনেক বিষয় চলে আসবে এর পেছনে। তাহলে যেকোনো স্বাধীনতাসংগ্রাম, যেকোনো গণ–অভ্যুত্থান, যেকোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে।”
এর আগে অন্তর্বর্তীকালীন সরকার মবের পক্ষে অবস্থান নিয়ে বা পৃষ্ঠপোষকতা করে চরম সমালোচনার মুখে পড়েছিল।