চলমান জরুরি টিকাদান কর্মসূচির মধ্যে রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সারাদেশে হাম ও সন্দেহজনক হামে অন্তত ১৭ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
তবে এর মধ্যে রবিবার (৩ মে) শিশু হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই মৃত্যুর তথ্যও আজ সোমবার রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, এমন দুজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১৫ মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩১১ জনে দাঁড়ালো।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ৩০২ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৪ জনের। আর গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম সন্দেহে পাওয়া রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন, এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জনের।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।