ময়মনসিংহ মেডিকেলের ছাত্রদলে জায়গা পেল ছাত্রলীগের ১১ জন

কমিটিতে মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা জায়গা পেয়েছেন

Published: Updated:

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (এমএমসি) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী ১১ নেতা পদ পেয়েছেন।

গত শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মেডিক্যাল কলেজ শাখার আহ্বায়ক করা হয়েছে তানভীর আব্দুল্লাহকে এবং মেহেদী হাসানকে ও সদস্যসচিব করা হয়।

তবে কমিটিতে মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা জায়গা পেয়েছেন। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু ও সাব্বির আহমেদ সৌরভ। এ ছাড়া সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ছাত্রলীগের কমিটির সদস্য মেহেরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, “এ নিয়ে আমি কোনও কথা বলতে চাই না।”

তবে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, “মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের কমিটির বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সরাসরি দেখে থাকে। যদি ছাত্রলীগের কেউ তথ্য গোপন করে ছাত্রদলের কমিটিতে ঢুকে যায় তাহলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, মেডিক্যাল কলেজ শাখার ছাত্রদলের ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতারা জায়গা পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ কমিটি বাতিলের দাবি তুলেছেন।

You may also like