যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার মধ্যে প্রথমবারের মতো হরমুজ প্রণালী অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। তবে এই দাবি বাতিল করেছে ইরান।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এই প্রণালি অতিক্রম করেছে। এর আগে অ্যাক্সিওস জানিয়েছিল, বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে, তবে সেগুলো কী ধরনের জাহাজ তা সুনির্দিষ্ট করা হয়নি।
আরো পড়ুনঃ শান্তি আলোচনার মধ্যেও লেবাননে ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পদক্ষেপের বিষয়ে তেহরানের সঙ্গে আগে থেকে কোনও সমন্বয় করা হয়নি। এ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, এটি আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে পরিচালিত একটি অভিযান।
উল্লেখ্য, ইরান যুদ্ধের শুরু থেকেই এই কৌশলগত জলপথটি নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। যুদ্ধ শুরুর পর প্রণালিতে কার্যত অবরোধ আরোপ করে ইরান।
এদিকে কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি বলে শনিবার জানিয়েছে ইরান। ইরানের সংবাদমাধ্যম আইআরআইবি দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে।