শান্তি আলোচনার মধ্যেও লেবাননে ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর ২০০টিরও বেশি স্থানে তারা হামলা চালিয়েছে

by নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একাধিক নতুন হামলার খবর পাওয়া গেছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আল-মাজাদেল শহরে একটি ড্রোন হামলা হয়েছে এবং তেবনিনে একটি গাড়িকে লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছে। হামলায় হতাহতের কোনো তথ্য এখনো জানানো হয়নি।

 

২৪ ঘণ্টায় হিজবুল্লাহ ২০০ লক্ষ্যবস্তুতে হামলা

ইসরায়েলি সেনাবাহিনী তাদের সর্বশেষ যুদ্ধ আপডেটে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর ২০০টিরও বেশি স্থানে তারা হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমানবাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

ইরানের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত। তবে ইসরায়েলের এই অব্যাহত হামলা ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় প্রথম থেকেই উত্তেজনা তৈরি করেছে।

আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ জানিয়েছেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। ইসরায়েলকে দক্ষিণ লেবাননের মধ্যে তার হামলা সীমাবদ্ধ রাখতে রাজি করানোর বিষয়ে অগ্রসরতা দেখা যাচ্ছে।

শান্তি আলোচনায় শত শত সাংবাদিক ইসলামাবাদে সমবেত হয়েছেন

 

ঐতিহাসিক দিন

আল জাজিরা জানিয়েছে, এটি একটি ঐতিহাসিক দিন। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগ ঘটেছে।

সূত্রের বরাতে জানা গেছে, আলোচনা প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে এবং তা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। লেবানন পরিস্থিতিসহ বিভিন্ন জটিল ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। লেবাননে ইসরায়েলের অভিযান শুধু দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ রাখা এবং বৈরুতে আর কোনো হামলা না চালানোর বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে এটি এখনো খুব প্রাথমিক পর্যায়ে এবং নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে।

ইরানি সূত্র অনুসারে, ইরানের জব্দকৃত সম্পদগুলো মুক্ত করার দিকেও কিছুটা অগ্রগতি হয়েছে। আলোচনা বন্ধ দরজার আড়ালে চলছে। তথ্য ধীরে ধীরে বের হচ্ছে, যাচাই করা কঠিন। দুই পক্ষ আবার রাতের খাবারের সময় আলোচনা চালিয়ে যাবে।

ইরানি স্টেট টিভির সংবাদদাতা জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আলোচনা চালিয়ে যাবে ইরানি প্রতিনিধিদল।

আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ জানান, মৌলিক শর্তাদি নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। লেবাননে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এখনো পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মতি হয়নি, তবে দক্ষিণ লেবাননে হামলা সীমিত রাখার সম্ভাব্য বোঝাপড়া হতে পারে।

বর্তমানে ইসলামাবাদ সময় সন্ধ্যা ৭:১৫ (গ্রিনিচ মান সময় ১৪:১৫)। প্রতিনিধিদল সংক্ষিপ্ত বিরতি নিয়েছে এবং রাতের খাবারের পর আলোচনা আবার শুরু হবে।

You may also like