ইরান থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র, চীনের পাল্টা নিষেধাজ্ঞা

ট্রাম্পের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালির বন্ধ থাকার প্রসঙ্গ প্রাধান্য পাবে

ইরানের তেল কেনায় যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র বেশ কিছু চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পরিপ্রেক্ষিতে বেইজিং ওয়াশিংটনের এই কর্মকাণ্ডকে অন্য দেশের ওপর নিজেদের আইন প্রয়োগের অন্যায্য চেষ্টা হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

একইসঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রণালয় সেই মার্কিন নিষেধাজ্ঞাগুলো ঠেকানোর জন্য একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছে।

ইরানি তেল কেনার অভিযোগে যে পাঁচটি চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে ওই কোম্পানিগুলোর নাম প্রকাশ করেছে:

* হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি,

* শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ,

* হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ,

* শওগুয়াং লুচিং পেট্রোকেমিক্যাল এবং

* শানডং শেংক্সিং কেমিক্যাল।

তবে মার্কিন নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞামূলক আদেশ ঠিক কীভাবে কার্যকর করা হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুনঃ ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

এর আগে আল-জাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের আলোচনায় হরমুজ প্রণালির বন্ধ থাকার প্রসঙ্গ প্রাধান্য পাবে।

জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং বলেছেন, যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার প্রসঙ্গ আলোচনায় জরুরি অগ্রাধিকার হবে। তিনি আরও বলেছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের সময় প্রণালিটি বন্ধ থাকে, তবে এই বিষয়টি আলোচনার উপরের দিকে থাকবে।

ট্রাম্প ১৪ মে দুই দিনের সফরে বেইজিংয়ে পৌঁছার কথা। তিনি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

You may also like