ইরানের সঙ্গে শান্তি আলোচনায় তেহরানের নতুন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
এএফপি জানিয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এই মুহূর্তে তারা যে প্রস্তাব দিয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই।”
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে আলোচনার প্রস্তাবের খসড়া পাঠিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বড় ধরনের অতর্কিত হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু করে। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন পর্যন্ত মাত্র এক দফা সরাসরি আলোচনা হয়েছে। সেটিও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রেখেছে। এতে বিশ্ববাজারে তেল, গ্যাস ও সার সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।
আরো পড়ুনঃ গোলাবারুদ সরাতে গিয়ে ইরানের ১৪ আইআরজিসি সদস্য নিহত
ইরানের প্রস্তাবে অসন্তুষ্টির কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, “তারা এমন কিছু দাবী করছে, যা আমি পূরণ করতে পারব না।” তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে দাবী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে দেশটির নেতৃত্বে “চরম মতবিরোধ” রয়েছে বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, “তারা (ইরান) আলোচনায় অগ্রগতি করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছাতে পারবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”
চুক্তি না হলে কী করবেন জানতে চাইলে নতুন হামলার বিষয়ে সরাসরি কিছু বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, “আমরা কি দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেব নাকি চুক্তির চেষ্টা করব-এই দুটোই বিকল্প।”
তবে তিনি আর কোনো বড় ধরনের সামরিক অভিযান চালাতে আগ্রহী নন বলেও জানান। এটিকে তিনি শুধু সম্ভাব্য বিকল্প হিসেবে রেখেছেন।
এছাড়া, যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়ার ৬০ দিনের সময়সীমা অতিক্রম করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, “এ ধরনের অনুমোদনের প্রয়োজনীয়তা ‘সম্পূর্ণ অসাংবিধানিক।”
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির কারণে অতিরিক্ত সময় পাওয়া গেছে। এটিকে বড় বিজয় হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।