দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিএনপির রাজনীতি শক্ত হাতে ধরে রেখেছেন ত্যাগী ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ। ছাত্রজীবন থেকে শুরু করে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই বর্ষীয়ান নেতা এবার চট্টগ্রাম জেলা বিএনপির গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেয়ে মূল্যায়নের প্রত্যাশা করছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে এম.কম ডিগ্রিধারী আলহাজ্ব নূর মোহাম্মদ ১৯৮০ সালে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং হাটহাজারী থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি হাটহাজারী থানা ছাত্রদলের সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত টানা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তৃণমূলের ছাত্ররাজনীতিকে সংগঠিত করেন।
ছাত্ররাজনীতি শেষে মূল দলের রাজনীতিতেও সমান দক্ষতার স্বাক্ষর রাখেন আলহাজ্ব নূর মোহাম্মদ। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রচার সম্পাদক এবং পরবর্তীতে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত হাটহাজারী থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি হাটহাজারী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
এছাড়া জেলা পর্যায়ে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২০০৩-২০০৯), যুগ্ম-সম্পাদক (২০১০-২০১৪) এবং ২০১৪ সাল থেকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। একইসাথে ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সর্বশেষ কমিটির যুগ্ন আহবায়দ ছিলেন আলহাজ্ব নূর মোহাম্মদ।
উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায় সুদীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতায় প্রতিটি সংকটকালে দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি। রাজপথের ত্যাগ ও অবদানের বিচারে এবার জেলা বিএনপির শীর্ষ বা গুরুত্বপূর্ণ দায়িত্বে আলহাজ্ব নূর মোহাম্মদকেই দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা। প্রবীণ এই নেতা নিজেও আশাবাদী, হাইকমান্ড তার দীর্ঘদিনের ত্যাগের উপযুক্ত মূল্যায়ন করবে এবং জেলা বিএনপির দায়িত্ব অর্পণ করে দলকে আরও শক্তিশালী করার সুযোগ দেবে।