সোমবার, মে ৪, ২০২৬

ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলার কারণে বাড়লো তেলের দাম

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

ইরানের প্রধান তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার খবরের পর যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে।

হামলার খবরটি মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লাকে নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপিকেও বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, খার্গ দ্বীপে মার্কিন হামলার খবরের পর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-এর দাম ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মে মাসে সরবরাহের জন্য প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম এখন ১১৪ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট নর্থ সি ক্রুড-এর দামও ঊর্ধ্বমুখী। জুন মাসে সরবরাহের জন্য এই তেলের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১০ দশমিক ২২ ডলারে পৌঁছেছে, খবর টাইমস অব ইসরায়েল-এর।

ইরানের তেল উৎপাদনের জন্য খার্গ দ্বীপ অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। হরমুজ প্রণালি নিয়ে সংঘাতের জেরে এই দ্বীপের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

ট্রাম্পের হুঁশিয়ারি

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে নতুন এক হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুহূর্তে তিনি সতর্ক করে বলেছেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে, যা আর কখনোই ফিরে আসবে না।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে। তবে এখন যেহেতু আমাদের হাতে সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ শাসনব্যবস্থা পরিবর্তনের সুযোগ রয়েছে, যেখানে ভিন্ন, আরও স্মার্ট এবং কম উগ্রবাদী চিন্তার মানুষের প্রাধান্য থাকবে, তাই হয়তো বৈপ্লবিক ও চমৎকার কিছু একটা ঘটতে পারে।’

ইরানের বর্তমান শাসনব্যবস্থার কড়া সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ‘কে জানে কী হবে? আমরা আজ রাতেই তা জানতে পারবো, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান ঘটবে।’

নিজের পোস্টের শেষে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের মহান জনগণের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষিত হোক!’

You may also like