সোমবার, মে ৪, ২০২৬

ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমদ এখন কোথায়?

নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন

অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হিসেবে নিয়োগ পাওয়ার পর জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক হিসেবে বেশি পরিচিত হয়ে উঠেন অধ্যাপক নিয়াজ আহমদ খান।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেই সরকার পরবর্তীতে তাকে ইউরোপের একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশের সবুজ সংকেত না পাওয়ায় সম্প্রতি তাকে পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে নিয়োগ দিয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়।

গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় গত মঙ্গলবার (২৮ এপ্রিল)।

নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।

আরো পড়ুনঃ ইউনূসের প্রথম ৩ মাসে মবের শিকার ৩ হাজার শিক্ষক

বিজ্ঞপ্তিতে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের “তিন শূন্য” (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ) দর্শনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সাজানো হয়েছে।

ইতোমধ্যে পাঁচটি স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারমূলক প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, অন্তর্বতী সরকারের আমলে ২০২৫ সালের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক অনুমোদন পায়। অনুমোদনের এই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

You may also like