ইরানে বন্দর অবরোধে ১২ মার্কিন যুদ্ধজাহাজ ও ১০,০০০ সেনা মোতায়েন

যুক্তরাষ্ট্র দাবি করেছে, অবরোধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ১৪টি জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে

by নিজস্ব প্রতিবেদক

যুদ্ধবিরতির মধ্যেও ইরানের বন্দরগুলোতে চলমান অবরোধ কার্যকর করতে ১২টি যুদ্ধজাহাজ, ১০০টি বিমান এবং ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শুক্রবার (১৭ এপ্রিল) সেন্টকমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সেন্টকম দাবি করেছে, অবরোধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ১৪টি জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে এবং অবরোধ মেনে নিয়েছে।

সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালি অবরোধ করছে না। বরং কেবল ইরানের বন্দর ও উপকূল ঘিরে এই অবরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরো পড়ুনঃ লেবাননে অ্যাম্বুলেন্স বহরের ওপর ইসরায়েলি মেশিনগানের গুলি

এদিকে আল-জাজিরা বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার থেকে ওই অবরোধ আরোপের ঘোষণা দেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান। কিন্তু দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প অবরোধের ঘোষণা দেন।

দ্বিতীয় দফা আলোচনা শুরু করতে ইতিমধ্যে দুই পক্ষকে আহ্বান জানিয়েছে পাকিস্তান।

তেহরান জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার। এর আগে দেশটি জানায় সোমবার পর্যন্ত হামলায় অন্তত ৩,৩৭৫ জন নিহত হয়েছেন।

You may also like