লেবানন–ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যে দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স দলের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার অভিযোগ উঠেছে।
লেবানন ২৪-এর খবরে বলা হয়, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ গভর্নরেটের কুনিন এলাকায় ইসলামিক হেলথ অথরিটির একটি অ্যাম্বুলেন্স দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। তারা মেশিনগান থেকে গুলি ছোড়ে। কামানের গোলাও নিক্ষেপ করে।
সংবাদমাধ্যমটি বলছে, এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে আল–জাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।
আরো পড়ুনঃ আলোচনার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
এর আগে দক্ষিণ লেবাননের আনসারিয়াহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ (ন্যাশনাল নিউজ এজেন্সি) বুধবার জানায়।
লেবাননে ২ মার্চ থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রবিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণায় জানায়, দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২,০৫৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬,৫৮৮ জন।
আরো পড়ুনঃ অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ইরানের সুপার ট্যাংকার
ইতিমধ্যে ইসরায়েল ও লেবানন পরবর্তী দফা আলোচনায় বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্রের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি আলোচনার পর ইসরায়েল ও লেবানন উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত সময়ে ও স্থানে পরবর্তী দফার বৈঠকে বসতে সম্মত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যকার প্রথম এই সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে যে, এই সংলাপ ২০২৪ সালের চুক্তির পরিধি ছাড়িয়ে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে রূপ নেবে।