হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকার নবাবগঞ্জের আমিনুর শাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমিনুর শাহ নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকার চান মিয়া বয়াতির ছেলে।
দোহার সার্কলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমিনুর শাহ নামের এক ব্যক্তির ফেসবুক পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়৷ পরে মঙ্গলবার সকালে তাকে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
আরো পড়ুনঃ খিলগাঁওয়ে গুলির ঘটনায় শুটার তারিফ র্যাবের হাতে গ্রেফতার
প্রসঙ্গত, গত রবিবার আমিনুর শাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি মন্তব্য লিখে পোস্ট করেন। পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়। পোস্টটি স্কিনশর্ট দিয়ে নানা ধরনের মন্তব্য লিখে আমিনুর শাহর শাস্তি চেয়ে বিভিন্ন মহল থেকে পোস্ট করতে শুরু করে।
বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এরপর সোমবার রাত ৯টার দিকে আমিনুল শাহর নিজ বাড়িতে জনতা ঘেরাও করে। পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করলে জনতা ফিরে যায়।
পরে মঙ্গলবার সকালে এলাকাবাসী পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টায় নবাবগঞ্জ থানায় তার নামে মামলা রুজু করা হয়। মামলাটির বাদী হয়েছেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আলাউদ্দিন।