খিলগাঁওয়ে গুলির ঘটনায় শুটার তারিফ র‍্যাবের হাতে গ্রেফতার

ভুক্তভোগী আবাসন ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার পরিকল্পনা করা হয়

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

রাজধানীর খিলগাঁওয়ে চাঁদা না পেয়ে আবাসন ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় প্রধান আসামি শুটার মো. তারিফ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-৩ গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তারিফকে গ্রেফতার করে। তিনি কুষ্টিয়ার থানাপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, খিলগাঁওয়ের ব্যবসায়ী সাদিকুর রহমান আকন্দের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারিফ। চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার পরিকল্পনা করা হয়, খবর বাংলা ট্রিবিউন-এর।

আরো পড়ুনঃ রাজধানীতে অপরাধ দমনে চলছে ‘ব্লক রেইড’

গত ৩ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে খিলগাঁওয়ের নূরবাগ পানির পাম্পের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে সাদিকুরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন তারিফ। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ৪ এপ্রিল খিলগাঁও থানায় একটি মামলা করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলে র‍্যাব বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, তারিফের বিরুদ্ধে রামপুরা থানায় একটি অস্ত্র মামলা, খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলাসহ আরও দুটি মাদক মামলা রয়েছে।

You may also like