
প্রদর্শনীতে সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রদর্শনী পরিদর্শন করেন।
আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ডিফেন্স সার্ভিসেস এশিয়া ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া আয়োজিত এই প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।
এর আগে ১৯ এপ্রিল চার দিনের সরকারি সফরে জেনারেল ওয়াকার মালয়েশিয়া গমন করেন।
আরো পড়ুনঃ দেশব্যাপী টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার তিনি অষ্টম পুত্রজায়া ফোরামে অংশগ্রহণ করবেন। উক্ত ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

পরিদর্শন বইয়ে লিখছেন সেনাপ্রধান
এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিগণের সাথে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।