অ্যাটর্নি জেনারেলঃ সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে

হাইকোর্ট বলেছেন, সর্বোচ্চ আদালতে আপিলটি নিষ্পত্তি পর্যন্ত শুনানি করা রিটটি এই অবস্থায় তাদের কার্যতালিকায় থাকবে

by নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)।

সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির পর সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আরো পড়ুনঃ ‘ফাঁকফোকর ছাড়া গুম সংক্রান্ত শক্ত আইন চায় জনগণ’

অ্যাটর্নি জেনারেল বলেন, “রিটটি আজ শুনানির জন্য হাইকোর্টে এলে আমরা বলেছি যে, যত দ্রুত সম্ভব আমরা সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত হাইকোর্টের আগের রায়টির বিরুদ্ধে আপিল করব। এক্ষেত্রে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তটি দেখা উচিৎ। তখন হাইকোর্ট বলেছেন, সর্বোচ্চ আদালতে আমাদের আপিলটি নিষ্পত্তি পর্যন্ত আজকে শুনানি করা রিটটি এই অবস্থায় তাদের কার্যতালিকায় থাকবে।”

সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সাত আইনজীবী।

সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এর শুনানি শুরু হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল।

You may also like