পর্যায়ক্রমে দেশের ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে বুধবার সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ’ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ – এই দর্শনে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে।
প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ, ২০২৬ তারিখে দেশের ১৩টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনে ৩৭,৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
আরো পড়ুনঃ
জুলাই আন্দোলনকারীদের দায়মুক্তি দিলো জাতীয় সংসদ
সংসদে বিল পাস, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বলবৎ
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামীতে দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
তিনি বলেন, আশা করছি, সংসদ সদস্যের নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলা) সংসদীয় আসনের দরিদ্র পরিবারের নারী সদস্যদের স্বল্পতম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।