হামে আরও ২ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৫১ জন

by নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এই দুই জনসহ, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৪৯ জনের এবং সন্দেহজনক হামে ২২৭ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৭ হাজার ১৩১ জেন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ২৮ জন।

আরো পড়ুনঃ স্বাস্থ্যমন্ত্রীঃ এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেয়া সম্ভব

১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৭৫৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৬ হাজার ৮২১ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৩৩ জন।

হামের প্রার্দুভাব মোকাবিলায় সারাদেশে চলমান টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত দেশের ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ৯০৬ জন শিশুকে হাম-রুবেলার টিকা দিয়েছে সরকার। তবে, সারাদেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

You may also like