জেলায় আগামী ৫ মে থেকে ৫ জুন তারিখ পর্যন্ত আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে সময়সূচি (ক্যালেন্ডার) ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আম ক্যালেন্ডার” ঘোষণা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
এ সময় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ দিনাজপুরে ২০৫ বছরের ঐতিহ্যবাহী ‘বুড়া চিন্তামন ঘোড়া’র মেলা শুরু
জেলা প্রশাসন ঘোষিত “আম ক্যালেন্ডার” অনুযায়ী আগামী ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু (ভাঙা) হবে। এরপর ১৫ মে তারিখে হিমসাগর ও খিসরা, ২৭ মে তারিখে ল্যাংড়া ও ০৫ জুন তারিখে আম্রপালি সংগ্রহ শুরু হবে ।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি সংগ্রহের সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে এ সময়ের মধ্যে আমের পরিপক্কতা আসবে। তবে, অপরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলে তিনি উল্লেখ করেন।