৩২ ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

by নিজস্ব প্রতিবেদক

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ এই পদক্ষেপ মেনে চলবে।

উল্লেখ্য, রবিবার অর্থোডক্স ইস্টার উদযাপনের জন্য চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বিরতি এমন এক সময়ে এসেছে যখন ইরান ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টা স্থগিত রয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, শনিবার বিকাল ৪টা (১৩০০ জিএমটি) থেকে রবিবার মধ্যরাত (২১০০ জিএমটি) পর্যন্ত ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

ক্রেমলিনের ঘোষণায় বলা হয়েছে, আমরা এই নীতির ওপর ভিত্তি করে এগোচ্ছি, যেখানে ইউক্রেন রুশ ফেডারেশনের দৃষ্টান্ত অনুসরণ করবে।

ঘোষণায় আরও জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন, তবে শত্রুপক্ষের যেকোনও সম্ভাব্য উস্কানি এবং যেকোনও আক্রমণাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেন, ইউক্রেন অর্থোডক্স ইস্টার উপলক্ষে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছিল। তিনি আরও বলেন, যুদ্ধের হুমকিমুক্ত একটি ইস্টার ও শান্তির দিকে একটি সত্যিকারের পদক্ষেপ প্রয়োজন; যেখানে রাশিয়া ও ইউক্রেন পারস্পরিক পদক্ষেপের মাধ্যমে কাজ করতে প্রস্তুত থাকবে। এ সময় তিনি রাশিয়াকে যুদ্ধবিরতি শেষে হামলায় ফিরে না আসার আহ্বান জানান।

You may also like