৫০০-শয্যা যশোর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

২০২৩ সালের ২৯ আগস্ট একনেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প অনুমোদন করা হয়

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিলে হাসপাতালের এই ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই ভবনটি নির্মাণ করছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবার মানোন্নয়নের কথা তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা এবং মানুষকে সচেতন করে গড়ে তোলা।”

আরো পড়ুনঃ প্রধানমন্ত্রীঃ হরতাল করার সুযোগ কাউকে দেবে না সরকার

তিনি বলেন, “আমাদের সকলকে এটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। জাতি সুস্থ সবল না থাকলে আমরা পিছিয়ে যাব।”

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সরকারকে সহযোগিতা করলে আমাদের জন্য পুরো বিষয়টি সহজ হবে। আমাদের লক্ষ্য হলো- এই কাজগুলোকে এমনভাবে সামনে নিয়ে যাওয়া, যাতে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারি। এটাই হোক আমাদের প্রত্যাশা, আমাদের আগামী দিনের পরিকল্পনা।”

আরো পড়ুনঃ জিয়ার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে যশোর সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০০৬ সালে যশোরে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। পরে যশোর শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে হরিণার বিলে ৭৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়।

এর ধারাবাহিকতায় ২০১০ সালে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ২০১০-১১ সেশনে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হয়। শুরুতে একাডেমিক কার্যক্রম শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচালিত হয়। ২০১৬ সালের আগস্টে হরিণার বিলে নিজস্ব ক্যাম্পাসে হাসপাতাল ছাড়াই কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়।

যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু হলে এক পর্যায়ে ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন করা হয়। ২০২৫ সালের জুনে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়।

এবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর হাসপাতালের নির্মাণ কাজে গতি পেয়েছে। এর অংশ হিসেবে আজ ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।

You may also like