বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি পক্ষ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা বিএনপিকে সরিয়ে আবার ফ্যাসিস্ট সরকার আনতে চায়।
তিনি আরও বলেন, ছাত্র রাজনীতিতে যারা উশৃঙ্খল আচরণ চালু করেছে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এতে দলীয় অঙ্গ সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
মির্জা ফখরুল বলেন, “একটি পক্ষ বিএনপিকে রাজনীতি থেকে দুরে সরাতে চেয়েছে। জামায়াতের আমির বলেছেন—আমরা নাকি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছি। আমি তার বক্তব্যের নিন্দা ও প্রত্যাখ্যান করছি। কারণ এ নির্বাচন যে সুষ্ঠু হয়েছে তা দেশ-বিদেশে স্বীকৃত। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারা আবার একটি ফ্যাসিস্ট সরকার আনতে চায় কি না তা দেখতে হবে।”
আরো পড়ুনঃ মির্জা ফখরুলের মন্তব্যের নিন্দা জানালো জামায়াত
তিনি জানান, আগামী ১ মে শ্রমিক দিবস উপলক্ষে দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা মনে করি সেদিন হবে আমাদের আগামীর রাজনীতির গতিপথ নির্ণয়ের শপথ নেওয়ার দিন।”
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তার এই বক্তব্যের আগে শনিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের মৌলিক যে সব জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এর মধ্যে দিয়ে বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে।
জামায়াতকে “রাজনৈতিকভাবে নির্মূল” করার কথা বলায় মির্জা ফখরুলের সেই বক্তব্যকে অগণতান্ত্রিক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৫ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই নিন্দা জানান।
আরো পড়ুনঃ জামায়াত আমিরের দাবি, বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে
তিনি বলেন, বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন যা মোটেই সমীচীন নয়। তার মতো দায়িত্বশীল নেতার কাছ থেকে দেশবাসী এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না। তার এই বক্তব্য অতীতের মত দেশকে সহিংসতা ও উসকানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেবার ইঙ্গিত বহন করে।
তিনি আরও বলেন, বিএনপি মহাসচিবের এ বক্তব্যেই প্রমাণিত হচ্ছে যে, তারা জাতীয় সংসদের বিরোধীদলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করে দেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন। তার কাছে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, অতীতের আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সাড়ে ১৭ বছরে জামায়াতকে নির্মূল করতে পারেনি। আমি আশা করি, এ ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিএনপি মহাসচিব বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখবেন।