শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৯।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুনঃ হামে আরও ৭ শিশুর মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,০৫৮ জন। একই সময়ে নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ২২৯ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০,৩৭৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৭,০৯১ জন।
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ২০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। তার আগে গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) টিকাদান কার্যক্রম শুরু করে সরকার।
এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।