যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর পৃথক দুটি হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিন বছর ও ১৪ বছর বয়সী দুই শিশু রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
গত অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই সময়ের মধ্যে প্রায় ৭৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরো পড়ুনঃ ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে
গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসালের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার গাজা সিটিতে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় তিন বছরের এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শহরের কেন্দ্রস্থলে আরেকটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান, এতে কয়েকজন নিহত ও আহত হন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন এবং অন্তত নয়জন পথচারী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
আরো পড়ুনঃ আলোচনার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
এছাড়া দিনের শুরুতে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি গুলিতে আরও একজন নিহত হন বলে জানান মাহমুদ বাসাল।
মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির শাতি শরণার্থী শিবিরের একটি মোড়ের ক্যাফের কাছে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় পাঁচজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে বলে জানায় আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা।