ইন্টারন্যাশনাল লিজিংঃ অনিয়মের অভিযোগে এমডি অপসারিত

ইন্টারন্যাশনাল লিজিং একসময় আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের নিয়ন্ত্রণে ছিল

by নিজস্ব প্রতিবেদক

আর্থিক অনিয়ম, নিয়ন্ত্রক নির্দেশনা লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এমদাদুল ইসলামকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২১ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, বোর্ড সভার কার্যবিবরণী জালিয়াতি, মানবসম্পদ নীতিমালা ও ডিএফআইএম সার্কুলার লঙ্ঘন করে একাধিক কর্মকর্তাকে বরখাস্ত করার অভিযোগ প্রমাণিত হয়েছে এমদাদুল ইসলামের বিরুদ্ধে।

ইন্টারন্যাশনাল লিজিং একসময় আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের নিয়ন্ত্রণে ছিল। তার সময়ে প্রতিষ্ঠানটি থেকে বিপুল অর্থ অনিয়মের মাধ্যমে বের করে নেওয়ার অভিযোগ ওঠে, যার প্রভাব এখনো বহন করছেন আমানতকারীরা।

আরো পড়ুনঃ রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার, সংসদে অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, পূর্বে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়মে জড়িত থাকার তথ্য গোপন করেছেন বলেও উল্লেখ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, কেয়া কসমেটিকস লিমিটেডকে দেওয়া প্রায় ৪৯ দশমিক ৯০ কোটি টাকার ঋণ যথাযথ অনুমোদন ছাড়াই অশ্রেণিকৃত হিসেবে দেখিয়ে খেলাপি ঋণের হার কমিয়ে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠন এবং ডরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ঋণে অতিরিক্ত দণ্ডসুদ আরোপের ঘটনাও চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এসব অনিয়মের বিষয়ে এমদাদুল ইসলামের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তার জবাব সন্তোষজনক হয়নি। পরবর্তীতে ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ১৯ ধারার ক্ষমতাবলে তাকে তাৎক্ষণিকভাবে এমডি পদ থেকে অপসারণ করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিএফআইএম সার্কুলার অনুযায়ী একজন অভিজ্ঞ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দিতে এবং দ্রুত একজন যোগ্য ব্যক্তিকে স্থায়ী এমডি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে।

You may also like