গাইবান্ধায় তেলের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে আহত ৩

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার ‘মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে

by নিজস্ব প্রতিবেদক

ফিলিং স্টেশনে তেলের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার ‘মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাংলা ট্রিবিউন জানায়, ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মোহাম্মদ রিজওয়ান নামে এক যুবকের সঙ্গে কয়েকজন চালকের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রিজওয়ান ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই কাওসার, জাহিদ ও সিহাব নামে তিন যুবক আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে সিহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুনঃ দুই মাসের জ্বালানি মজুত নিশ্চিত করলো সরকার

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, ‘লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘এ ঘটনায় জড়িত একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

You may also like