দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চীনে পররাষ্ট্রমন্ত্রী খলিল

সফরকালে ড. খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানো তাঁর এ সফরের লক্ষ্য।

মঙ্গলবার তিনি বেইজিং পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াসিয়াং।

আরো পড়ুনঃ তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সফরকালে ড. খলিলুর রহমান ৬ মে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর চেয়ারম্যান এবং অন্য জ্যেষ্ঠ চীনা নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

You may also like