প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা সাক্ষাৎ করেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন শেভরন কর্পোরেশনের “বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ” (বিএইসি) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা ও শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু
২০২৫ সালের ২১ মে এক প্রতিবেদনে প্রথম আলো জানায়, দেশে তিন দশক ধরে ব্যবসা করছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। বিগত সরকারের আমলে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিলেও বিল বকেয়া পড়ায় নতুন বিনিয়োগ বন্ধ করে দেয় তারা। তবে অন্তর্বর্তী সরকার তাদের পুরো বকেয়া পরিশোধ করেছে। এরপরও কাজ শুরুর পরিকল্পনা জমা দেয়নি কোম্পানিটি।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, চলমান গ্যাস–সংকট মেটাতে উৎপাদন বাড়ানোয় জোর দিয়েছে সরকার। কিন্তু এতে সহায়তা করছে না শেভরন। জালালাবাদ গ্যাসক্ষেত্রে উৎপাদন বাড়াতে কম্প্রেসর বসানোর কথা তাদের। এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। অথচ এখন কাজ শুরু করতে গড়িমসি করছে।
গত বছরের ৪ এপ্রিল পেট্রোবাংলাকে চিঠি দিয়ে শেভরন বলে, বকেয়া বিল পুরোপুরি শোধ না করা পর্যন্ত জালালাবাদ কম্প্রেসর প্রকল্পের বিনিয়োগ পিছিয়ে দিচ্ছে তারা। আওয়ামী লীগ সরকারের পতনের সময় (৫ আগস্ট) পর্যন্ত শেভরনের বকেয়া ছিল ২৩ কোটি ৭৫ লাখ ডলার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসের নিয়মিত বিলের পাশাপাশি গত ১৭ এপ্রিল বকেয়ার পুরোটা শোধ করে দেয়।