নারী শিক্ষককে জুতাপেটা করার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

কলেজের স্নাতক (ডিগ্রি) পরীক্ষার সময় ১৪৪ ধারা ভঙ্গ করে হামলাকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে ঢুকে এই ঘটনা ঘটান

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুরসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপির স্থানীয় এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বেলা পৌনে তিনটায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজটিতে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেছে। অভিযোগ উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুনঃ এ্যানিঃ সংসদে ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন

কলেজটির অবস্থান দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নে। আর ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার। কলেজের স্নাতক (ডিগ্রি) পরীক্ষার সময় ১৪৪ ধারা ভঙ্গ করে হামলাকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে ঢুকে এই ঘটনা ঘটান। বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠে।

হামলায় আহত অধ্যক্ষ আবদুর রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর নারী শিক্ষক (প্রদর্শক) আলিয়া খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় মৎস্য ব্যবসায়ী বিএনপির কর্মী শাহাদত আলী প্রদর্শক আলিয়া খাতুনকে স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন। শাহাদত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহবুর কলেজের অধ্যক্ষ ও প্রদর্শক আলিয়া খাতুনের ওপর হামলা চালান। হামলায় নেতৃত্ব দিয়েছেন জয়নগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার, জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ব্যবসায়ী আফাজ উদ্দিন প্রমুখ।

You may also like