ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারল নারী ক্রিকেট দল

এক ম্যাচ বাকী থাকতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলংকা

Published: Updated:

ওয়ানডে সিরিজের পর শ্রীলংকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী শ্রীলংকার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২৫ রানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে এক ম্যাচ বাকী থাকতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলংকা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল লংকানরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ওভারে ২২ রান তুলে শ্রীলংকা। পঞ্চম ওভারের প্রথম বলে লংকান ওপেনার হাসিনি পেরেরাকে ৯ রানে শিকার করেন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার ফারিহা তৃষ্ণা।

এরপর অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৭ বলে ৪২ ও ইমেশা দুলানির ২৭ রানের সুবাদে ১৪তম ওভারেই নব্বইয়ের ঘরে পৌঁছে যায় শ্রীলংকা।

৯৩ রানে ৩ উইকেট পতনের পর শ্রীলংকাকে লড়াকু সংগ্রহ এনে দেন হার্ষিতা সামারাবিক্রমা ও নিলাকশিকা সিলভা। তৃতীয় উইকেটে তাদের ৩৭ বলে ৬১ রানের জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে শ্রীলংকা।

আরো পড়ুনঃ ঘরের মাঠে রান তাড়া করার নতুন রেকর্ড টাইগারদের

সামারাবিক্রমা ৪টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৪৯ এবং সিলভা অপরাজিত ২২ রান করেন।

বোলিংয়ে বাংলাদেশের তৃষ্ণা-সুলতানা খাতুন-নাহিদা আক্তার ও রিতু মনি ১টি করে উইকেট নেন।

১৫৫ রানের জবাবে দারুণ সূচনা করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে দলকে ৪৬ রান উপহার দেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। সপ্তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন দিলারা। ৪টি চারে ২৩ বলে ২৩ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারের সাথে ২১ বলে ২১ রান যোগ করে থামেন জুয়াইরিয়া। ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৯ রান করেন তিনি।

এরপর অধিনায়ক নিগার সুলতানা ৭ ও সোবাহানা মোস্তারি শূন্য হাতে ফিরলে ৮৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এ অবস্থায় শারমিন ও স্বর্ণা আক্তার জুটি দ্রুত রান তুলতে না পারায় শেষ ১২ বলে ৪৪ রান দরকার পড়ে বাংলাদেশের।

শেষ ১২ বলে ২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি শারমিন  ও রিতু মনি। ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৪টি চারে শারমিন অপরাজিত ৪৪, রিতু ৯ ও স্বর্ণা ১২ রান করেন।

৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শ্রীলংকার কাভিশা দিলহারি।

আগামী ২ মে সিলেটেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

You may also like