নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে না পারার আফসোস সাইফের

তিনি বলেন, উইকেট চ্যালেঞ্জিং ছিল, তবে আরও ভালো স্ট্রাইক রোটেশন করে খেললে ভালো হতো

by নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ভালো অবস্থায় থেকেও ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ বাংলাদেশ ওপেনার সাইফ হাসান।

২১ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে সাইফ-লিটন দাস জুটিতে ৯৩ রানের সুবাদে দারুণভাবে লড়াইয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ২৬ রানে হারতে হয় টাইগারদের।

সাইফের মতে, উইকেটে সেট হওয়া ব্যাটারদের বড় ইনিংস খেলার পাশাপাশি ম্যাচ শেষ করে আসা উচিত ছিল।

ম্যাচ শেষে সাইফ বলেন, “শুরু থেকেই উইকেট চ্যালেঞ্জিং ছিল। কিন্তু উইকেটে সেট হয়ে গেলে ব্যাট করা সহজ হয়ে যেত। নতুন ব্যাটারদের জন্য এটা কঠিন। আমি আরও কিছুক্ষণ থাকতে পারলে দলের জন্য কাজটা সহজ হয়ে যেত।”

আরো পড়ুনঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ দলে কারা খেলবে?

স্ট্রাইক রোটেট করে খেলার প্রয়োজন ছিল বলে মনে করেন সাইফ| তিনি বলেন, “অবশ্যই উন্নতির আরও অনেক ক্ষেত্র আছে। উইকেট চ্যালেঞ্জিং ছিল, তবে আরও ভালো স্ট্রাইক রোটেশন করে খেললে আমাদের জন্য ভালো হতো।”

উইকেটের সাথে মানিয়ে নিতে ব্যাটাররা চেষ্টা করেছে বলে জানান সাইফ| তারপরও ব্যাটারদের ব্যর্থতার জন্য কোনো অজুহাত দিতে রাজি নন তিনি।

সাইফ বলেন, “আমরা পেশাদার ক্রিকেটার এবং ভিন্ন ভিন্ন অবস্থার সাথে মানিয়ে নিতে হবে। আমরা দীর্ঘ সময় ধরে লড়াইয়ে ছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ সময় উইকেট হারিয়ে পিছিয়ে পড়ি। ড্রেসিংরুম থেকে পরিষ্কার বার্তা ছিল। কিন্তু আমরা ঠিকঠাক নিজেদের দায়িত্ব পালন করতে পারিনি।”

হার দিয়ে সিরিজ শুরু করলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সাইফের। তিনি বলেন, “নিউজিল্যান্ড খুবই ভালো দল। আমরা পরের ম্যাচেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।”

You may also like