বড়পুকুরিয়ায় বিদ্যুত উৎপাদন আবার শুরু

কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট বর্তমানে ওভারহোলিংয়ের আওতায় আছে

Published: Updated:

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আবারও চালু হয়েছে। টানা ছয় দিন বন্ধ থাকার পর শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট আবার সচল করা হয়।

কর্তৃপক্ষ জানায়, মেরামত শেষে চালু হওয়া ইউনিটটি থেকে বর্তমানে জাতীয় গ্রিডে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং এরপর দ্রুত মেরামতকাজ শুরু করা হয়, খবর প্রথম আলো’র।

আরো পড়ুনঃ দুই দিন দেশে লোডশেডিং ছিল না, বলছে বিদ্যুৎ বিভাগ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ বলেন, ১ নম্বর ইউনিট মেরামতের পর আবার চালু করা হয়েছে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট বর্তমানে ওভারহোলিংয়ের আওতায় আছে।

এর আগে একাধিকবার যান্ত্রিক ত্রুটি ও বয়লারে পাথর ঢুকে যাওয়ার ঘটনায় উৎপাদন বন্ধ থাকায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের অন্তত আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছিল।

দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কেন্দ্রটি ২০০৬ সালে চালু হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত হয়। তবে বিভিন্ন যান্ত্রিক সমস্যায় কেন্দ্রটি দীর্ঘ সময় ধরে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বহাল রাখতে পারেনি।

You may also like