হার্ট অ্যাটাকের পর শনিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হার্ট অ্যাটাকের কারণে তাঁর অবস্থা সংকটাপন্ন। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৯২ বছরের কিংবদন্তি সংগীতশিল্পীর। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে ভোঁসলের নাতনি জানাই ভোসলে ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার দাদি আশা ভোসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তাঁর চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাব।”
আরো পড়ুনঃ কত টাকার মালিক ‘পুষ্পা রাজ’ আল্লু অর্জুন?
দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভোঁসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান “দাদাসাহেব ফালকে পুরস্কার”-এ ভূষিত হয়েছেন এবং “পদ্মবিভূষণ”ও অর্জন করেছেন।
পাশাপাশি তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাঁকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।