রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ব্রিটেনের এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এ দিন আদালতে এই মামলা ছাড়াও আরও মামলা থাকায়, মামলাটির শুনানি মুলতবি করেন বিচারক এবং একই সঙ্গে আগামী ২৮ জুন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।
দুদক-এর পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলার অপর আসামী হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।
আরো পড়ুনঃ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ
দুদক কর্মকর্তা বলেন, “আজকে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ দিন এ মামলার বাইরে আদালতে আরও মামলা ছিল। তাই বিচারক এ দিন মামলার অভিযোগ গঠনের শুনানি মুলতবি করেন। একই সঙ্গে আগামী ২৮ জুন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।“
অবৈধ সুবিধা নিয়ে, ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।
গত জুলাই মাসে, আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে, হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন।
পরে চেম্বার আদালতে গেলেও দুদক “নো অর্ডার” আদেশ পায়।
গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।