হজের বিমান ভাড়া ২০-২৫ হাজার টাকা কমবে, জানালেন প্রতিমন্ত্রী

আগে নুসুক কার্ড ও আইডেন্টিটি কার্ড সংগ্রহ করতে ৮ থেকে ১০ ঘণ্টা বসে থাকতে হতো

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এবার বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে।

“আশা করছি, আগামীতে আরও ২০ থেকে ২৫ হাজার টাকা কমাতে পারবো। এবার হজযাত্রীরা যেভাবে হজে যাচ্ছেন, বিগত ২০ বছরের মধ্যে এত ভালোভাবে হজে যেতে পারেননি তারা।”

এভাবেই সুখবর জানালেন প্রতিমন্ত্রী।শনিবার (২ মে) সন্ধ্যায় জামালপুরের আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুনঃ হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, খরচ কমানোর আশ্বাস

প্রতিমন্ত্রী বলেন, “যেহেতু হাজিরা নিজেদের সর্বস্ব দিয়ে আল্লাহর দরবারে পরিশুদ্ধ হওয়ার জন্য হজ করতে যান, তাই আগামী বছর থেকে এটি আরও সহজ হবে। আমরা ইতোমধ্যে সৌদি আরব সরকারের সঙ্গে কথা বলেছি। আগে যে নুসুক কার্ড ও আইডেন্টিটি কার্ড সংগ্রহ করতে ৮ থেকে ১০ ঘণ্টা বসে থাকতে হতো, এখন আর তা করতে হবে না। এসব কার্ড আমরা বাংলাদেশ থেকেই প্রদান করছি এবং তাদের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়াও এখান থেকেই সম্পন্ন করা হচ্ছে, যাতে সেখানে গিয়ে অপেক্ষা করতে না হয়। হাজিরা যেন বিমান থেকে নেমেই সরাসরি তাদের গন্তব্যে গিয়ে হজের কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ কাটা বন্ধ হয়েছে। এ ধরনের অভিযোগ আর পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা আগামী ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল উদ্বোধন করতে যাচ্ছি। ইতোমধ্যে ১৪টি বিমান ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং আরও কিছু বিমান আসবে। আমরা আশা করি, বাংলাদেশ বিমান আন্তর্জাতিক মানে উন্নীত হবে।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ৩-আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ২-আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন।

You may also like