ইরান সরকার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের একটি নতুন প্রস্তাব দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার আল–জাজিরাকে ইরানের একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরান একে অপরকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আরেক দফা যুদ্ধের আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি “প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ” হচ্ছে।
আরো পড়ুনঃ মার্কিন নৌ অবরোধ ব্যর্থ হবেই, হুমকি ইরান প্রেসিডেন্টের
ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করতে মার্কিন সামরিক বাহিনী সক্ষম হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ইরানের নৌশক্তিকে পুরোপুরি পরাজিত করার দাবি করা হলেও এখনো হরমুজ প্রণালিতে তাদের কিছু “ফাস্ট অ্যাটাক বোট” বা দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক শুনানিতে ড্যান কেইন আরও বলেন, “ইরানের কাছে এখনো ছোট ও অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন কিছু যুদ্ধযান রয়ে গেছে।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে বেশ কিছু আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা মূলত শেষ হয়ে গেছে এবং তাদের নৌবাহিনীর যা কিছু অবশিষ্ট আছে তা–ও ধ্বংস করার অঙ্গীকার করেন তিনি।