‘ইসলামী আন্দোলন গুপ্ত রাজনীতি করে না’

ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের দলকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে বলে দাবি করেন ফয়জুল করীম

Published: Updated:

ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার (১ মে) দুপুরে শ্রমিক দিবসে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন, খবর বাংলা ট্রিবিউন-এর।

ফয়জুল করীম বলেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। তাই সব শ্রেণির মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে কার্ড দিতে হবে। সেই কার্ডের অধীনে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরো পড়ুনঃ এই জামায়াত সেই জামায়াত না, দাবি পরওয়ারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তিনি বলেন, “বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম। তার অভিযোগ, অন্যরা যখন ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে।”

তিনি আরও বলেন, “আমরা কোনও গুপ্ত রাজনীতি করি না। আমাদের সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ। ইসলামের জন্য ক্ষমতা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।”

মুফতি ফয়জুল করীম বলেন, বর্তমানে সংসদে পুরোনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার বিতর্ক আবারও উত্থাপিত হচ্ছে; যা জাতির জন্য বিভ্রান্তিকর।

আরো পড়ুনঃ প্রধানমন্ত্রীঃ সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না

“বিরোধী দলকে পরিষ্কার করতে হবে, তারা শরীয়াহর পক্ষে, নাকি প্রচলিত শাসন ব্যবস্থার পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে ইসলামী শরীয়াহর পক্ষে।”

তিনি অভিযোগ করেন, বিগত নির্বাচন ছিল সমঝোতা ও ভাগাভাগির নির্বাচন; যার ফলে বিরোধী দল তাদের ভূমিকা নির্ধারণে বিভ্রান্ত। ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের দলকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, প্রাইমারি স্কুলে কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরি করা হচ্ছে; যা বন্ধ করতে হবে।

সমাবেশে ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

You may also like