লেবাননের সঙ্গে ইসরাইলের প্রস্তাবিত সরাসরি আলোচনা সোমবার প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম।
তিনি একে “মহাপাপ” আখ্যা দিয়ে বলেন, এতে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে, খবর বার্তা সংস্থা এএফপি-এর।
এক বিবৃতিতে নাইম কাসেম বলেন, “ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। ক্ষমতায় যারা আছেন, তারা যেন জানেন, তাদের এই পদক্ষেপ লেবানন বা তাদের নিজেদের কোনো উপকারে আসবে না।”
আরো পড়ুনঃ ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ ২০০ লক্ষ্যবস্তুতে হামলা
এই সরাসরি আলোচনা থেকে সরে আসার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি লেবাননকে অস্থিরতার ঘূর্ণাবর্তের দিকে ঠেলে দিচ্ছে।
কাসেম আরও বলেন, এই সরাসরি আলোচনা ও এর ফলাফল আমাদের কাছে যেন অস্তিত্বহীন। এতে আমাদের কোনো আগ্রহ নেই।
তিনি বলেন, “আমরা লেবানন ও এর জনগণের জন্য আমাদের প্রতিরক্ষামূলক প্রতিরোধ চালিয়ে যাব। শত্রু যতই হুমকি দিক, আমরা পিছু হটব না, নত হব না এবং পরাজিত হব না।”
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ও নিরাপত্তা ঝুঁকির মুখে চলতি বছরের লাগ বি’ওমার উৎসবের প্রধান আয়োজন বাতিলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
উত্তর ইসরায়েলের মাউন্ট মেরনে অনুষ্ঠিত এই আয়োজনটিতে সাধারণত শত শত হাজার আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষ অংশ নেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্যাবিনেট সেক্রেটারি ইয়োসি ফুকস স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দ্বিতীয় শতাব্দীর ঋষি রাব্বি শিমন বেন ইয়োচাই-এর সম্মানে আয়োজিত এই “হিলুলা” উৎসবটি এবার অত্যন্ত সীমিত পরিসরে এবং প্রতীকীভাবে অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
চিঠিতে বলা হয়, লেবানন সীমান্ত সংলগ্ন ওই এলাকায় রকেট হামলা এবং যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়া কোনও জরুরি পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও জটিলতা থাকায় জননিরাপত্তার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।