পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এর আগে রবিবার পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন আব্বাস আরাগচি

by নিজস্ব প্রতিবেদক

রাশিয়া সফরের সময় সেন্ট পিটার্সবার্গ শহরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে ইরানের বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরনার খবরে বলা হয়েছে, আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের বর্তমান আলোচনাকে এগিয়ে নেওয়া।

এর আগে রবিবার পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন আব্বাস আরাগচি। এ নিয়ে দুই দিনের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করলেন তিনি। পাকিস্তানের দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আব্বাস আরাগচি দেখা করলেও মার্কিন কোনো প্রতিনিধির সঙ্গে সরাসরি বৈঠক করেননি।

আরো পড়ুনঃ পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

এদিকে ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে হলে যুক্তরাষ্ট্রকে “ব্ল্যাকমেল” ও “আলটিমেটাম” দেওয়া ছাড়তে হবে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার দূত মিখাইল আলইয়ানভ এমনটাই জানান।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলইয়ানভ লেখেন, যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ, কঠোর নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আলোচনা চালাতে চায়। শক্তিপ্রয়োগের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে অভ্যস্ত যুক্তরাষ্ট্র। তবে ইরানে তা কাজ করবে না।

ওই পোস্টে আলইয়ানভ আরও লেখেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো উপায় হলো এসব বাদ দেওয়া। তিনি হ্যাশট্যাগ দিয়ে তিনটি কৌশল বাদ দেওয়ার দিকে ইঙ্গিত করেন। এগুলো হলো “ব্ল্যাকমেলিং”, “আলটিমেটাম” ও “ডেডলাইন”।

You may also like