সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস পেল টাস্কফোর্স

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

by নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত শেষ করতে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

অ্যাটর্নি জেনারেলের সময় চাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্ময়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

এর আগে টাস্কফোর্সকে এই মামলার তদন্তে ছয় মাস করে দুই বার সময় দিয়েছিলেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। বাদীপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

আরো পড়ুনঃ জুলাই হত্যা মামলায় নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠন ৭ মে

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর তখন বেসরকারি টেলিভিশন মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন।

ঘটনার পর রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। শুরুতে মামলাটি তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ। চার দিন পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি)| পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সর্বশেষ ১২ বছর ৬ মাস ১৫ দিন পর অন্তর্বর্তী সরকারের সময় র‌্যাবের কাছ থেকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে।

You may also like