ইরানের সাথে আলোচনায় যাচ্ছেন না ট্রাম্পের দুই দূত

ইসলামাবাদে ইরানের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করার কথা ছিল মার্কিন প্রতিনিধি দলের

by নিজস্ব প্রতিবেদক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির সঙ্গে আলোচনার জন্য তার দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন, এমন খবর জানিয়েছিল হোয়াইট হাউস।

তবে, এই দুই মার্কিনির পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। এমনটি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।

প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি তার দূতদের পাকিস্তানের ইসলামাবাদ সফর বাতিল করেছেন। ইসলামাবাদে ইরানের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করার কথা ছিল মার্কিন প্রতিনিধি দলের। যুদ্ধের অবসান করতেই আলোচনা হওয়ার কথা ছিল।

মুঠোফোনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি একটু আগে আমার লোকজনকে বলেছি, তারা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল—আমি বললাম, ‘না’, তোমরা সেখানে যেতে ১৮ ঘণ্টার ফ্লাইটে যাচ্ছো না। সবকিছু এখন আমাদের নিয়ন্ত্রণে। তারা যখন খুশি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। শুধু বসে থেকে কোনও অগ্রগতি ছাড়া কথা বলার জন্য আর ১৮ ঘণ্টার ফ্লাইট করা হবে না।”

আরো পড়ুনঃ তেহরান বিমানবন্দর চালু করলো ইরান

এদিকে, সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি আমার প্রতিনিধিদের পাকিস্তানে গিয়ে ইরানিদের সঙ্গে বৈঠকের সফরটি বাতিল করেছি। ভ্রমণে অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে, কাজও অনেক। তাছাড়া তাদের (ইরান) নেতৃত্বের মধ্যে তীব্র কোন্দল ও বিভ্রান্তি রয়েছে—তারা নিজেরাই জানে না কে দায়িত্বে আছে। আর আমাদের হাতে সব তাস আছে, তাদের হাতে কিছুই নেই! তারা যদি কথা বলতে চায়, শুধু ফোন করলেই হবে!!!”

ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

ট্রাম্পের হঠাৎ এবং একতরফা এই সিদ্ধান্তটি এমন সময়ে এলো যখন কিনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন। দেশে ফেরার আগে আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করছিলেন।

You may also like