সরকারি নির্দেশনা অনুযায়ী রাজধানীর মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি সংগ্রহে সাতটি নির্ধারিত ফিলিং স্টেশনে এখন থেকে “ফুয়েল পাস” অ্যাপ ছাড়া জ্বালানি সংগ্রহ করা যাবে না।

নির্ধারিত স্টেশনগুলোর মধ্যে রয়েছে — আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন ও তালুকদার ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং দারুস সালাম মিরপুরের খালেক সার্ভিস স্টেশন।
আরো পড়ুনঃ লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়লো জ্বালানি তেলের দাম
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, মোটরসাইকেল চালকদের আগে থেকেই ফুয়েল পাস অ্যাপে নিবন্ধন করে নিতে হবে। দেশের যেকোনও জেলার মোটরসাইকেল নিবন্ধন থাকলেও এই অ্যাপ ব্যবহার করে ঢাকার নির্ধারিত স্টেশনগুলো থেকে জ্বালানি সংগ্রহ করা যাবে।
বর্তমানে ঢাকার প্রায় ৪৩টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে শহরের সব ফিলিং স্টেশনে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
ফুয়েল পাস অ্যাপটি গুগল প্লে স্টোর এবং ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড ও রেজিস্ট্রেশন করা যাচ্ছে।