নারী আসনে জামায়াত-এনসিপির প্রার্থী কারা?

জামায়াত ১২টি আসনের তিনটি জোটসঙ্গীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

বিএনপির পর এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সোমবার বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে মনোনীতদের জন্য নমিনেশন পেপার জমা দেয়া হবে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোট ৭৭টি আসন পায়। এর বিপরীতে জোটটি সংরক্ষিত নারী আসন পাবে ১৩টি।

প্রাপ্ত আসন অনুপাতে ৬৮টি আসনের বিপরীতে এককভাবে জামায়াত ইসলামী ১২টি আসন। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে একটি আসন।

আরো পড়ুনঃ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জামায়াত তিনটি জোটসঙ্গীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। জোটের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম বলেন, ১২টি আসনের মধ্যে জোটের শরিক এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে তিনটি আসন দেওয়া হয়েছে।

জামায়াত সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকায় থাকা জামায়াতের ৯ নারী হলেন—মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ।

আরো পড়ুনঃ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী; সমালোচনার ঝড়

অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম এবং বগুড়া থেকে সাজেদা সামাদ রয়েছেন। এছাড়া জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমকেও জামায়াতের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের তালিকায় রাখা হয়েছে।

অপরদিকে জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এনসিপি থেকে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে।

You may also like