ইরান ও লেবাননের উপর মার্কিন-ইসরায়েলের হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব উত্থাপন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি জিনপিংয়ের প্রস্তাবে আঞ্চলিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের নীতিকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
আরো পড়ুনঃ চুক্তি করার জন্য ইরান আবার যোগাযোগ করেছে, দাবি ট্রাম্পের
বৈশ্বিক আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে শি জিনপিং বলেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করতে হবে। এটি এমন হতে পারে না যে সুবিধা হলে ব্যবহার করবো, আর না হলে তা পরিত্যাগ করবো। আমরা বিশ্বকে পুনরায় “জোর-যার-মুলুক-তার” নীতিতে ফিরে যেতে দিতে পারি না।
ইরানের বিচার বিভাগের অধীনস্থ সংস্থা “লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন”-এর প্রধান আব্বাস মাসজেদি সোমবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে।
এছাড়া হরমুজ প্রণালি ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে সারাবিশ্বে জ্বালানির দাম বাড়ছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে ৩ কোটি ২০ লাখের বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো।
আরো পড়ুনঃ মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহত ৩,৩৭৫
গত শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসলামাবাদে আলোচনায় বসে। প্রায় ২১ ঘণ্টা আলোচনা শেষে রোববার সকালে এই বৈঠক শেষ হয় কোনো সমঝোতা ছাড়াই। এরপর সোমবার ইরানের সব বন্দর অবরোধ করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পাকিস্তান দ্বিতীয় দফায় আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কড়া অবরোধ উপেক্ষা করে একটি চীনা ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এলএসইজি, মেরিনট্রাফিক ও কেপলার প্রতিষ্ঠানের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, “রিচ স্টারি” নামের জাহাজটিই প্রথম ট্যাংকার, যা হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগর অতিক্রম করেছে।
রয়টার্স আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা আরেকটি ট্যাংকার “মুরলিকিশান” আজ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আগামী ১৬ এপ্রিল ইরাকে অপরিশোধিত তেল বোঝাই করবে। “এমকেএ” নামে পরিচিত এই জাহাজটি এর আগে রাশিয়া ও ইরানের তেল পরিবহন করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।
তিনি বলেন, তেহরান “খুব মরিয়া হয়ে” ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায়, খবর আল–জাজিরা’র।
চলমান অচলাবস্থা কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মূল বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তিনি আরও বলেন, “আমরা অনেক বিষয়ে একমত হয়েছি।” তবে ইরানের পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত বিষয়ে একমত হওয়া যায়নি বলে ইঙ্গিত দেন ট্রাম্প।