হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত।
মোহসেন রেজাই বলেন, যেভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, তেমনিভাবে যেকোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য, খবর সিএনএন-এর।
আরো পড়ুনঃ ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন বললেন সিআইএ’র সাবেক পরিচালক
দীর্ঘদিন ইরানের আইআরজিসির প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মোহসেন রেজাই অবসর ভেঙে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে দায়িত্ব পালন শুরু করেন।
নৌ অবরোধ প্রসঙ্গে মোহসেন রেজাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর ‘গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা’ রয়েছে, যা যেকোনো হুমকির জবাব দিতে পারে।
আরো পড়ুনঃ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা ট্রাম্পের
মোহসেন রেজাই আরও বলেন, ইরান এমন কোনো দেশ নয়, যাকে টুইট বা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। মূলত তখন থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান। বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ করা বা বের হয়ে যাওয়া যেকোনো জাহাজ ‘অবরোধ’ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “এক পর্যায়ে হরমুজ দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হবে এবং বের হতে দেওয়া হবে—এমন অবস্থানে আমরা পৌঁছাব। কিন্তু ইরান সেটা হতে দিচ্ছে না।”
ট্রাম্প আরও বলেন, “আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে ও গতিরোধ করতে নির্দেশ দিয়েছি, যারা ইরানকে টোল (শুল্ক) দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না।”