পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোন চুক্তি ছাড়াই শেষ হওয়ায় ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্রগুলো সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি অজুহাত খুঁজছিল এবং এখন বল আমেরিকার কোর্টে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রবিবার পাকিস্তান ছাড়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
জেডি ভান্স দাবি করেন আমেরিকা একটি “চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব” দিয়েছে।
ইসমাইল বাঘাই বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র “বেশ কিছু বিষয়ে একটি বোঝাপড়ায় পৌঁছেছে” এবং “দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য” রয়েছে।
তিনি বলেন, “৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং তা অবিশ্বাস ও সন্দেহের আবহে অনুষ্ঠিত হয়েছে। এটা স্বাভাবিক যে, আমরা শুরু থেকেই এক বৈঠকে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। কেউই তা আশা করেনি।”
এর আগে বাঘাই বলেছিলেন, আলোচনার সাফল্য নির্ভর করছে “বিপক্ষ দলের আন্তরিকতা ও সদিচ্ছা” এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপর।