মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টা থেকে বগুড়া-৬ (সদর) নির্বাচনি এলাকায় সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রাসহ সব প্রকার প্রচারণা বন্ধ রয়েছে। আগামী ৯ এপ্রিল এই আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে তিনটি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ), ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
এর আগে সোমবার (৬ এপ্রিল) সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফজলুল করিমের সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে ১১ এপ্রিল বিকাল সাড়ে ৪টার পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনও ব্যক্তি কোনও জনসভা আহ্বান বা তাতে যোগদান করতে পারবেন না।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ৯ এপ্রিল এই আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। তিনি আসনটি ছেড়ে দেওয়ায় শূন্য ঘোষণা করা হয়।
বগুড়া-৬ (সদর) আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৩১ হাজার ২৩৪ জন এবং পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৭৯৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠে ভ্রাম্যমাণ আদালত ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।’