৩ মাসে ৮৫৪ হত্যাকাণ্ড, ঢাকায় ১০৭

রাজধানীসহ সারা দেশে খুন, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধ বেড়েছে

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে সারা দেশে ৮৫৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০টি এবং মার্চে ৩১৭টি হত্যাকাণ্ড ঘটে।

একই সময়ে রাজধানী ঢাকায় মোট ১০৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৩৬টি, ফেব্রুয়ারিতে ৩৮টি এবং মার্চে ৩৩টি খুনের ঘটনা ঘটে। চলতি এপ্রিলের প্রথম ১৫ দিনেই রাজধানীতে অন্তত ১৬টি হত্যাকাণ্ড ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীসহ সারা দেশে খুন, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধ বেড়েছে। একের পর এক লোমহর্ষক ঘটনার বর্ণনা দিচ্ছেন ভুক্তভোগীরা। দেশীয় অস্ত্র দিয়ে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলার এমন অবনতিতে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা অব্যাহত থাকলে জনরোষে রূপ নিতে পারে। তারা বলছেন, সরকারের অগ্রাধিকার তালিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কার্যকর কৌশল থাকা জরুরি। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অপরাধের ভিডিও ছড়িয়ে পড়ায় মানুষের মনে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়ছে, যা সামাজিকভাবে অপরাধ প্রবণতাও উসকে দিতে পারে, খবর বাংলা ট্রিবিউন-এর।

আরো পড়ুনঃ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, ২৪ জনকে বদলি

 

সাম্প্রতিক কিছু ঘটনা

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার বর্ধনবাড়ী এলাকায় ১৭ এপ্রিল তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। একই দিনে পল্লবীতে ফিরোজা খানম ওরফে জোছনা, ৬৮, নামে এক স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করে হত্যা করা হয়।

১৫ এপ্রিল রাতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আসাদুল হক নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর আগে ১২ এপ্রিল একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলেক্স ইমন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

এছাড়া মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় উপহারের প্রলোভন দেখিয়ে গত দুই মাসে অন্তত ১৩ জন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরো পড়ুনঃ তনু হত্যা মামলাঃ ১০ বছর পর গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে সাবেক সেনাসদস্য

রাজধানীর বাইরে রাঙামাটির কুতুবছড়ি এলাকায় ইউপিডিএফ নেতা ধর্মশিং চাকমা খুন হয়েছেন। এ সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবার শরিফে পীর আবদুর রহমান শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

 

কী বলছেন বিশেষজ্ঞরা?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে নতুন সরকার গঠনের পর পুলিশ কিছুটা দ্বিধায় কাজ করছে, ফলে অপরাধীরা সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে রাজধানীর কিছু এলাকায় অপরাধীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। অপরাধী নেটওয়ার্কের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারায় নিয়ন্ত্রণে ঘাটতি দেখা যাচ্ছে।

আরো পড়ুনঃ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না, জানালেন ছাত্রদল সম্পাদক

ফরিদপুর মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, অপরাধের ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মনে ভয়, হতাশা ও নিরাপত্তাহীনতা বাড়ে। একই সঙ্গে এসব ভিডিও অপরাধ প্রবণতাকেও প্রভাবিত করতে পারে।

 

পুলিশের অবস্থান

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ অপরাধীদের বিরুদ্ধে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে। অপরাধীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মবসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে।

You may also like